সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন

বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকালে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার ইস্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। পুরো প্রক্রিয়াটি পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকার জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে আসবে।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়ার কথা থাকলেও কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে যাত্রা পিছিয়ে গেছে।

প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি শুক্রবার নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি। কাতারের আমিরের পক্ষ থেকে জার্মানির তৈরি আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। সবকিছু স্বাভাবিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ইতোমধ্যে লন্ডন থেকে ঢাকায় এসে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখেছেন।

এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসকরা—ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, সহকারী আব্দুল হাই মল্লিক, একান্ত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার এবং এসএসএফের দুই সদস্য।

৮০ বছর বয়সি তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারক করছে। চীন ও যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা এই বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রক্রিয়া চলছে।

Previous Post Next Post

نموذج الاتصال