নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বিডিপিএর সভাপতি গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবেলার ডেপুটি চিফ রিপোর্টার শফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সেতারুজ্জামান চঞ্চল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট সাবেক তুখোড় ছাত্রনেতা নাসির আহম্মেদ রতন, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমট্যাব) সভাপতি এ কে এম মুসা লিটন, মহাসচিব বিপ্লবউজ্জামান বিপ্লব এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব দবির উদ্দিন তুষার। আরো উপস্থিত ছিলেন শিকদার মোহাম্মদ জসীম।
বিডিপিএর সাংগঠনিক সচিব মো. আলমগীর রহমানের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে সংগঠনের বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন বিডিপিএর মহাসচিব মো. জহিরুল ইসলাম।
এতে দেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে আসা কাউন্সিলররা অংশ নেন এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।
তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—
১. বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বৃদ্ধি করা।
২. চলতি বছরের ডিসেম্বর মাসে সুবিধাজনক তারিখে বিডিপিএর কেন্দ্রীয় কমিটির নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত।
৩. ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের বিষয়ে আলোচনা করে দ্রুত তা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানানোর বিষয়ে ঐকমত্য।
কাউন্সিল অধিবেশনে বিডিপিএর উপদেষ্টা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা কমিটির নেতারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পেশাগত অধিকার ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন।
কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ডিপ্লোমা ফার্মাসিস্টদের পেশাগত দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


